দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরা শহরে ক্রমবর্ধমান যানজট ও জনদুর্ভোগ কমাতে কঠোর অবস্থান নিয়েছেন জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।
সোমবার (৬ এপ্রিল) শহরের সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান একযোগে শুরু করে দুইটি ট্রাফিক জোন।
শহরের গুরুত্বপূর্ণ ভায়নার মোড় এলাকায় জেলা পুলিশ সুপারের নেতৃত্বে সরেজমিনে পরিচালিত এই অভিযানে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযান চলাকালে পুলিশ সুপার গণমাধ্যমকে জানান, যানজট নিরসন এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলকারীদের প্রাথমিকভাবে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া বাস, ইজিবাইকসহ সকল ধরনের যানবাহনের চালকদেরও শৃঙ্খলার মধ্যে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সুপার আরও স্পষ্ট করে বলেন, পুলিশের নির্দেশনা অমান্য করে কেউ যদি ফুটপাত দখল বা সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে তাদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। পরবর্তী সময়ে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দীপংকর ঘোষ, সদর ট্রাফিক ইন্সপেক্টর মো. আরজু এবং মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুর রহমানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের এই কঠোর অভিযান শেষ হওয়ার পর সচেতন মহল আশাবাদ প্রকাশ করেছেন যে, ধীরে ধীরে মাগুরার দখলকৃত ফুটপাত ও সড়ক জনসাধারণের জন্য উন্মুক্ত হবে।
জে আই